ই-ভিসার আবেদন নাকচ, স্বপ্প অধরা অরল্যান্ডো ল্বুমের 
ক্রিসমাস ভারতে কাটাবেন ভেবেছিলেন অরল্যান্ডো ল্বুম। বাধ সাধল ই-ভিসা। শনিবার রাত ১টা ৩০ নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছন অরল্যান্ডো। সেখানেই
জানতে পারেন, ৩০ নভেম্বর করা তাঁর ই-ভিসার আবেদন নাকচ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রোটোকল মেনে অরল্যান্ডোকে শনিবারই ভোর ৪টেয়
একটি বিমানে তুলে দেন। অরল্যান্ডো নাকি কিছুটা সময় চেয়েছিলেন বিষয়টা মিটিয়ে নিতে। নিজের পাকস্থলীর সমস্যার কথাও জানান তিনি। বিমানবন্দরে কর্তব্যরত
চিকিৎসককে ডাকা হয়। কিন্তু শেষমেশ অরল্যান্ডোকে বিমানে ওঠার নির্দেশ দেন কর্তৃপক্ষ। এমনকী, এ-ও বলা হয়, নায়ক না উঠলে বিমানই ছাড়বে
না! এ কথা জানিয়েছেন ব্রিটিশ ছবি 'রোমান্স'এর পরিচালক শীতল তলওয়ার। ওই ছবিতেই অভিনয় করেছেন অরল্যান্ডো। যদিও পরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের
হস্তক্ষেপে কয়েক ঘণ্টার মধ্যেই আবার ভিসার বন্দোবস্ত করা হয় অরল্যান্ডোর। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের আমন্ত্রণে সে রাজ্যের পর্যটনের প্রচারে
এসেছিলেন অরল্যান্ডো। সমাজবাদী পার্টির নেতা অমর সিংহের সঙ্গে তাজমহল দর্শনে যাওয়ারও কথা তাঁর। তা সত্ত্বেও এ রকম কী করে হল,
সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, অরল্যান্ডো ই-ভিসা ছাড়াই এসেছিলেন। তাহলে কি অরল্যান্ডোকে ই-ভিসা তৈরি
না হওয়ার ব্যাপারে জানানো হয়নি? এ ব্যাপারে তিনি নিশ্চিত, হলিউড তারকার অফিসকে বিষয়টা জানানো হয়েছিল! বিকাশ বলেন, শাহরুখ খান যদি
অন্য কোনও দেশে গিয়ে এ রকম পরিস্থিতিতে পড়েন, তাহলেও নিশ্চয়ই এটাই হবে। 