ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ফিরলেন রণবীর কপূর? 
এই তো 'কফি উইথ কর্ণ'য় গিয়ে রণবীর কপূর বলে এলেন, ব্রেক-আপ হলেও তাঁর মন নাকি মোটেই ভাঙেনি। মন ভাঙবে
কোথা থেকে? ক্যাটরিনা কাইফের সঙ্গে তো ফের দিব্যি ভাব হয়ে গিয়েছে তাঁর! আর যাঁর শো'এ গিয়ে রণবীর এত কথা বলে
এলেন, সেই কর্ণ জোহরই নাকি দু'জনের বন্ধুত্বটা টিকিয়ে রাখতে প্রাণপণ লড়ছেন! রণবীর এবং ক্যাটরিনা আপাতত লুকিয়ে দেখা করছেন কর্ণ এবং
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে। একসঙ্গে সময় কাটাচ্ছেন রীতিমতো। যাতে কেউ জানতে না পারে, সে জন্যই নাকি অন্যের বাড়িতে 'রদেভুঁ'র আয়োজন!
কর্ণের তো রণবীর-ক্যাটরিনা, দু'জনের সঙ্গেই ভাল সম্পর্ক। অয়ন এবং রণবীরের বন্ধুত্বের কথাও কারও অজানা নেই। ফলে দু'জনের ভাঙা প্রেম জোড়া
লাগাতে এটুকু সাহায্য তো তাঁরা করবেনই! তবে এবার স্রেফ প্রেমেই নাকি আটকে নেই ব্যাপারটা। ক্যাটরিনা চাইছেন, রণবীর তাঁর সঙ্গে এনগেজমেন্টটাও
সেরে ফেলুন। যেভাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, শ্রুতি হাসনদের সঙ্গে রণবীরের নাম শোনা যাচ্ছে বার বার, তাতেই বোধহয় অনিশ্চয়তায় ভুগছেন নায়িকা! রণবীরের
মা নীতু সিংহ আবার কোনওদিনই ক্যাটকে পছন্দ করেন না খুব একটা। ছেলে যদি শেষমেশ ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটা পাকাপোক্ত করে ফেলে,
তিনি খুশি হবেন বলে মনে হয় না। করিনা কপূর খানের প্রতিক্রিয়া দেখার জন্যও অপেক্ষা করবেন সকলে! 